Posts

Showing posts from March, 2026

শিকড়ের অন্বেষণে Shikorer Onbeshone | মোঃ শাকিল সরকার

  সবুজ ধান ক্ষেতের আইল ধরে,  সাদা বকেদের দেশে যেতে চাই।  দোআঁশ আর পলি মাটির গন্ধে মিশে,  লালমাটির দেশে যেতে চাই। গজারির বনে ঘেরা,  সবুজ অরণ্যে যেতে চাই। হলদে পাখির বেশে,  সর্ষে ফুলের দেশে যেতে চাই। আম, কাঁঠাল আর লিচুর  স্বাদে মিশে, কালবৈশাখীর দেশে যেতে চাই।  বেলি আর কদম ফুলের সুবাসে মিশে, মৌসুমি বায়ুর দেশে যেতে চাই।  তালগাছের সাথে, তেপান্তরের মাঠে ভিজতে চাই। শরতের সাদা মেঘের ভেলায় ভেসে,  কাশফুল আর নবান্নের দেশে যেতে চাই।  কুয়াশার চাদর মুড়িয়ে,  ঝরা পাতাদের দেশে যেতে চাই,  কোকিলের কুহু কুহু ধ্বনিতে মিশে, শিমুল আর পলাশের দেশে যেতে চাই। দোয়েল যেথা শিস দেয়,  ভোরের শিশিরে ভেজা দূর্বাঘাসে। কাঠবিড়ালী যেথা নৃত্য করে,  ভরদুপুরে কুল-বেলের মগডালে। ফিঙে যেথা তাড়িয়ে বেড়ায়, নীল আকাশের চিল-শকুন। মাছরাঙা যেথা স্থির দৃষ্টি দেয়, রুই কাতলের ডোবাখানায়। রাজহাঁস যেথা ভেসে বেড়ায়, সাদা শাপলার ঝিলখানায়। জেলে যেথা মাছ ধরে,  কচুরিপানার বিলখানায়। মাঝি যেথা দাঁড় টানে, পদ্মা মেঘনা যমুনায়।